জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সরকারি যাকাত ফান্ডে আদায়কৃত ১ লক্ষ ৪১ হাজার ৮৫৬ টাকা ৩৮ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে চেকের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষেতলাল উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এই চেক তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি যাকাত ফান্ডে জমাকৃত অর্থ থেকে উপজেলার বিভিন্ন এলাকার প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষদের তালিকা প্রণয়ন করে মোট ৩৮ জনের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এর মাধ্যমে তাদের নিত্যপ্রয়োজন মেটাতে কিছুটা সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই যাকাত ব্যবস্থার মূল লক্ষ্য। সরকারি যাকাত ফান্ডের এই সহায়তা তাদের জীবনযাত্রা কিছুটা হলেও সহজ করবে।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।