

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক না থাকায় সময়মতো চিকিৎসা না পেয়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া জোসনা আরা (৬৫) নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় মিঠাপুর বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক এবং আব্দুস সাত্তারের স্ত্রী।
স্বজনদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে বুকে ব্যথা নিয়ে জোসনা আরাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। তবে সে সময় সেখানে দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। দায়িত্বরত এক সহকারী চিকিৎসককে ফোন করলে তিনি আসতে প্রায় ২০ মিনিট সময় নেন। এ সময় রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে কয়েকজন স্বাস্থ্যকর্মী স্যালাইন ও ইনজেকশন দিলেও কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
নিহতের মেয়ের জামাই হোসেন আলী বলেন, ‘আমার শাশুড়ি হাসপাতালে আনার সময় কথা বলছিলেন। কিন্তু চিকিৎসক সময়মতো না আসায় চিকিৎসা না পেয়েই মারা যান। চিকিৎসক অনুপস্থিত থাকার ভিডিও আমার কাছে আছে। আমি এই বিচার আল্লাহর কাছে দিলাম।’
হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. সুমাইয়া তৃষা ওই সময় দুপুরের খাবারের জন্য বাইরে ছিলেন। পরে ফোন পেয়ে দ্রুত হাসপাতালে এসে রোগীকে মৃত অবস্থায় পান।
ডা. সুমাইয়া তৃষা বলেন, ‘আমি খাবারের জন্য বাইরে ছিলাম। ফোন পেয়ে দ্রুত এসে রোগীকে মৃত অবস্থায় পাই। তখন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ জরুরি বিভাগে উপস্থিত ছিলেন।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, ঘটনার পর স্বজনরা হাসপাতালে উত্তেজনা সৃষ্টি করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ বলেন, ‘আমি নিজে গিয়ে রোগীকে মৃত অবস্থায় পেয়েছি। স্বজনরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জয়পুরহাটের সিভিল সার্জন ডা. আল মামুন বলেন, ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।