
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, দক্ষ জনশক্তি গড়ে তুলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করলে সরকারি সুযোগ-সুবিধার মাধ্যমে ব্যক্তিগত খরচ ছাড়াই বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, বিদেশগমন প্রক্রিয়ায় কেউ যেন প্রতারণার শিকার না হন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২ মে) দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘জেলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন: প্রেক্ষিত জাপান’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির, অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সেমিনারে বক্তারা দক্ষতা উন্নয়নের পাশাপাশি নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।