স্পোর্টস রিপোর্টার: দেশের রোলার স্কেটিং অঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয়ে রাজশাহী স্কেটিং একাডেমী আয়োজিত RSA ওপেন রোলার স্কেটিং চ্যাম্পীয়নশিপ-২০২৬ এ আবারও দুর্দান্ত ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে চ্যাম্পীয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বগুড়ার স্কেটাররা।
গতকাল ৩০ অক্টোবর দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় দেশের বিভিন্ন অঞ্চলের ১৫টি ক্লাবের প্রায় ৩০০ জন স্কেটার অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় রাজশাহী, বগুড়া, বগুড়া ক্যান্টনমেন্ট, নাটোর ও নওগাঁর পাশাপাশি ঢাকা থেকে অংশগ্রহণ করছে গোলাপবাগ, ধূপখোলা, রাসেল স্কেটিং ক্লাব, মতিঝিল স্কেটিং ক্লাব, গুলশান স্কেটিং ক্লাব, নোভা স্কেটিং ক্লাব, প্রগ্রেসিভ স্কেটিং ক্লাব এবং ডাইনামিক স্কেটিং ক্লাব। দেশের বিভিন্ন অঞ্চলের স্কেটারদের স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণে প্রতিযোগিতাটি একটি আন্তঃআঞ্চলিক ক্রীড়া মিলনমেলায় পরিণত হয়।
মোট ৮টি ক্যাটাগরিতে ছেলে ও মেয়েদের বয়সভিত্তিক গ্রুপে ১৩টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ৮টি ইভেন্টে দুর্দান্ত প্রতিদ্বন্দীতা করে ১৫টি পদক অর্জনের মাধ্যমে সবাইকে তাক লাগিয়ে দিয়ে চ্যাম্পীয়ন হয়েছে বগুড়া।
প্রতিযোগিতায় বগুড়ার পদকজয়ীরা হলেন—মিফরা আমিন মুনিজ (স্বর্ণ), কৃত্তিকা নভেরা নোভা (রৌপ্য), যিনাতুন্নিসা রুবায়েত হাসনা (ব্রোঞ্জ), রুকাইয়া খাতুন রুকু (স্বর্ণ), আবরার হুরাইয়া (রৌপ্য), আবরার রহমান (ব্রোঞ্জ), মাহী ইসলাম মাহী (স্বর্ণ), এস জাহান জিহা (রৌপ্য), নুসাইবা বিনতে হাসান (ব্রোঞ্জ), মুহতাদী জামান (স্বর্ণ), আহম্মেদ উজায়ের হিসাম (রৌপ্য), শাহরিয়ার কবির স্বরণ (রৌপ্য), সাবিকুন্নাহার আরিশা (স্বর্ণ), মাশিয়াত খান মাইভ (ব্রোঞ্জ) এবং মুহতাসিম বিল্লাহ গালিব (ব্রোঞ্জ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম আজাদ, চেয়ারম্যান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী এ. এইচ. এম. মহিউদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন এবং জনাব মোঃ নওসিফ হোসেন দিপ্র, সভাপতি, বাংলাদেশ অ্যালায়েন্স অব স্কেটার্স (BAS)।
উক্ত খেলাটি পরিচালোনা করেন বগুড়া রোলার স্কেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও কোচ মোঃ আশরাফুল ইসলাম রহিত ও নওগাঁ স্কেটিং একাডেমীর কোচ শাহীদুন নবী এবং সার্বিক সহযোগীতায় ছিলেন রাজশাহী স্কেটিং একাডেমীর কোচ ফুয়াদ হাসান সাকিব ও পরিচালক সাজ্জু হোসেন।
এই আয়োজন কেবল একটি প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দেশের বিভিন্ন অঞ্চলের স্কেটারদের একত্রিত করা, পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং নতুন প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিশেষ করে তৃণমূল পর্যায় থেকে নতুন ও সম্ভাবনাময় স্কেটারদের প্রতিযোগিতামূলক পরিবেশের সঙ্গে পরিচিত করা এবং তাদের জাতীয় পর্যায়ে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন স্কেটি সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন