জয়পুরহাটের কালাই উপজেলায় মাদক ক্রয়-বিক্রয়ে বাধা দেওয়ায় এক পথচারীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার দেওগ্রাম জালায়গাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেওগ্রাম এলাকার বাসিন্দা মোজাম্মেল হোসেন প্রামাণিকের ছেলে মোসারফ হোসেন সাবু (৩৮) ওই স্থানে মাদক ক্রয়-বিক্রয় চলতে দেখে প্রতিবাদ করেন। তিনি অভিযুক্তদের এলাকায় মাদক বিক্রি না করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, উপজেলার পাঁচগ্রাম এলাকার ধলু মল্লারের ছেলে দেলোয়ার ও আনসারের ছেলে সানোয়ারসহ তাঁদের সহযোগীরা সাবুর ওপর পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতর জখম হন।
সাবুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পাঁচগ্রাম এলাকার কয়েকজন বাসিন্দা—তোজাম্মেল হোসেন বুলু, বকুল, মজনু ও বাবলুসহ—অভিযোগ করেন, এলাকায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। তাঁদের দাবি, মাদকের বিস্তারের কারণে যুবসমাজ বিপথে যাচ্ছে এবং পরিবারগুলো সন্তানদের নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে। তাঁরা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তি চিকিৎসাধীন আছেন। জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন