জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভায় প্রশাসক পদে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করে পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন মো. আজাদুল ইসলাম আজাদ।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আগ্রহের কথা জানান। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত

থেকে এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে চান তিনি।
আজাদুল ইসলাম আজাদ বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার মূল শক্তি। দায়িত্ব পালনের সুযোগ পেলে ক্ষেতলাল পৌরসভাকে একটি উন্নয়নমুখী, নিরাপদ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং স্বচ্ছতা বজায় রাখাকে তিনি অগ্রাধিকার দেবেন। পৌর এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও পানি নিষ্কাশন সমস্যার টেকসই সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
এ সময় তিনি ক্ষেতলাল পৌরসভার সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দায়িত্ব পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন মাঠপর্যায়ে সক্রিয় থাকায় আজাদুল ইসলাম আজাদ পৌর এলাকার নানা সমস্যা সম্পর্কে অবগত। দায়িত্ব পেলে তিনি সেসব সমস্যার বাস্তবসম্মত সমাধান দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তারা।
মন্তব্য করুন